Ridge Bangla

পরিণীতি–রাঘব দম্পতির ঘরে এলো নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া ও তার স্বামী, আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার ঘরে এসেছে নতুন অতিথি। শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরিণীতি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছে ভারতের একাধিক গণমাধ্যম।

সন্তানের জন্মের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই বলিউড থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত শুভেচ্ছায় ভরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ইনস্টাগ্রামে এক পোস্টে পরিণীতি ও রাঘব দুজনেই তাদের জীবনের এই সুখবরটি জানান। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়, ভক্তরা মন্তব্যের বন্যায় ভাসান নতুন অভিভাবক দম্পতিকে।

গত কয়েক সপ্তাহ ধরেই অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই সংবাদটির জন্য। সন্তানসম্ভবা হওয়ার পর পরিবার ও চিকিৎসকের পরামর্শে পরিণীতি স্থায়ীভাবে দিল্লিতে চলে যান। এর আগে আগস্টে দম্পতি ইনস্টাগ্রামে একটি কেকের ছবি পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল—“১ + ১ = ৩”। তখনই তাদের অভিভাবক হওয়ার ইঙ্গিত মেলে।

২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। বিয়ের পর অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে সংসারজীবনে মনোযোগ দেন এই অভিনেত্রী।

This post was viewed: 52

আরো পড়ুন