Skip to main content

Ridge Bangla

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে ডেনমার্ক ও জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বৃহস্পতিবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুই রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও তাদের নিজ নিজ দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন, দক্ষতা উন্নয়ন, জনশক্তি রপ্তানি এবং অভিবাসন ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর বিষয়টিও গুরুত্ব পায়।

এ সময় প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতে ডেনমার্ক ও জার্মানির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ২০২৬–২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে দুই দেশের সমর্থন কামনা করেন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র টেকসই সমাধান।

বৈঠকের শেষে উভয় রাষ্ট্রদূত বিদ্যমান সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

This post was viewed: 23

আরো পড়ুন