বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। একই সঙ্গে ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক ফেসবুক পোস্টে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার সুযোগকে তিনি স্বাগত জানান।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাণিজ্য, নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।