Skip to main content

Ridge Bangla

পবিত্র জুমাতুল বিদা আজ

আজ পবিত্র জুমাতুল বিদা, পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার। মুসলিম বিশ্বে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে পালিত হয়। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ার মধ্য দিয়ে আজ বিদায় নিচ্ছে মহিমান্বিত এই মাস।

হিজরি ১৪৪৭ সনের রমজানের শেষ জুমা হওয়ায় দিনটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আবেগঘন। সারা দেশে মসজিদগুলোতে আজ জুমার নামাজে অংশ নিতে ভিড় করবেন লাখো মুসল্লি। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বড় বড় মসজিদে অনুষ্ঠিত হবে বিশেষ জুমার জামায়াত।

জুমার খুতবায় খতিব ও আলেমরা রমজানের ফজিলত, তাকওয়ার গুরুত্ব এবং জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরবেন। দিনটি মুসলমানদের কাছে একদিকে যেমন বিদায়ের বেদনা বয়ে আনে, অন্যদিকে আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সুযোগ হিসেবেও বিবেচিত হয়।

জাতীয় মসজিদে বৃহত্তম জামায়াতের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। একইসঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনাও করা হবে।

এদিকে, জুমাতুল বিদা ঈদুল ফিতরের আগাম বার্তা নিয়ে আসে। আজ রমজানের ৩০ দিন পূর্ণ হওয়ায় চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শনিবার দেশে উদযাপিত হতে পারে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জুমার নামাজ ও মোনাজাত শেষে মুসল্লিরা ঈদের প্রস্তুতিতে শেষ মুহূর্তে ব্যস্ত হয়ে পড়বেন।

This post was viewed: 27

আরো পড়ুন