Skip to main content

Ridge Bangla

পদ্মা সেতুর টোল আদায় ছাড়ালো ৩ হাজার কোটি টাকা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনের পর থেকে পদ্মা সেতু থেকে সংগৃহীত মোট টোলের পরিমাণ ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এটি দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা ছাড়াও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সেতু চালুর পর থেকে যাতায়াতের সংখ্যা ও টোল আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে যাত্রী ও পণ্যের পারাপারে সময় ও খরচ দুটোই কমেছে, পাশাপাশি কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষভাবে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্যের পরিবহন সহজ হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) স্থাপিত আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা কার্যক্রমকে দ্রুত করেছে। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ডের মাধ্যমে স্বয়ংক্রিয় টোল আদায়ের ফলে গাড়ির জন্য অপেক্ষার সময় কমেছে এবং যাতায়াত আরও দ্রুত ও সুবিধাজনক হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের তত্ত্বাবধান ও দিকনির্দেশনার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

This post was viewed: 32

আরো পড়ুন