Skip to main content

Ridge Bangla

পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন, ইটিসি, ব্যবস্থার মাধ্যমে টোল আদায়ের পরিমাণ ১০ কোটি টাকা অতিক্রম করেছে। একই সঙ্গে এ সেবায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার, ২৭ জুলাই, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জুলাই পর্যন্ত ইটিসি ব্যবস্থার মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। একই সময়ে এ ব্যবস্থায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮টি। সেবা চালুর পর থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন নগদবিহীন পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু অতিক্রম করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ‘ট্যাপ’, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপ ব্যবহার করে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।

ইটিসি সেবা ব্যবহার করতে সংশ্লিষ্ট অ্যাপের ‘ডি-টোল’ অপশনে গিয়ে মোটরযান নিবন্ধন, প্রয়োজনীয় অর্থ রিচার্জ এবং প্রথমবার মাওয়া টোল প্লাজার নিবন্ধন বুথ বা টোল বুথে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি ট্যাগ যাচাই করতে হবে। একবার নিবন্ধন সম্পন্ন হলে আলাদা কোনো আরএফআইডি ট্যাগ ছাড়াই ইটিসি লেন ব্যবহার করে সেতু পার হওয়া যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইমাদ পরিবহন, দোলা পরিবহন, সার্বিক পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন বাস অপারেটর এবং অনেক বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের মালিক ইতোমধ্যে ইটিসি সেবা ব্যবহার করছেন।

This post was viewed: 3

আরো পড়ুন