Skip to main content

Ridge Bangla

পদ্মা ব্যারেজ প্রকল্পের নকশা চূড়ান্ত হয়েছে: পানিসম্পদমন্ত্রী

দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ ও আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের ব্যবস্থাও রাখা হয়েছে।

রোববার (২১ জুন) সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান মন্ত্রী।

পদ্মা ব্যারেজ প্রকল্প নতুন কোনো ধারণা নয় উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ব্যারেজ নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণে ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যে ৪টি আন্তর্জাতিক সমীক্ষা পরিচালিত হয়েছে।

তিনি জানান, ২০০২ সালে ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশনের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষায় কুষ্টিয়ার ঠাকুরবাড়ি এবং রাজবাড়ীর পাংশা এলাকাকে সম্ভাব্য স্থান হিসেবে সুপারিশ করা হয়।

মন্ত্রী আরও জানান, প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি ২০০৫ সালে অনুমোদন পায়। ৪টি দেশীয় ও ৩টি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান এবং ৫টি দেশীয় সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত এই সমীক্ষা ২০১৩ সালে শেষ হয়।

সমীক্ষার সুপারিশের ভিত্তিতে তৈরি নকশা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যাচাই-বাছাই করে। পরে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কারিগরি কমিটির পর্যালোচনা ও মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, ২০১১ থেকে ২০২৫ সালের স্যাটেলাইট চিত্র এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিশ্লেষণে দেখা গেছে, প্রস্তাবিত এলাকায় নদীতীর স্থিতিশীল রয়েছে। পাশাপাশি চর গঠনের কারণে ব্যারেজ নির্মাণের জন্য পরিবেশগত ও প্রযুক্তিগত পরিস্থিতি অনুকূল হয়েছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, পদ্মার মতো বড় নদীর গতি-প্রকৃতি পরিবর্তনশীল হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সময় হাইড্রো-মরফোলজিক্যাল পরিবর্তন হওয়া স্বাভাবিক। এ কারণে নকশা হালনাগাদ ও প্রয়োজনীয় অভিযোজন নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রকল্পের জটিলতা বিবেচনায় বুয়েটের একজন অবসরপ্রাপ্ত খ্যাতিমান পানি বিশেষজ্ঞের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

This post was viewed: 8

আরো পড়ুন