Ridge Bangla

পদ্মা নদীতে বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার

পাবনায় পদ্মা নদী থেকে হাত বাঁধা অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার সকাল ১০টার দিকে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পদ্মার চরে কাজ করতে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীর তীরে থাকা একটি নৌকার পাশে ভাসমান একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে একজন কাছে গিয়ে বুঝতে পারেন, বস্তার ভেতরে মরদেহ রয়েছে।

পরে বস্তার মুখ খুললে আনুমানিক ১৪ থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীর মরদেহ দেখতে পান তারা। এরপর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাত প্রাইভেটকার আসে। গাড়িটিতে চারজন মধ্যবয়সী যুবক ছিলেন। নদীর তীর থেকে বলরামপুরের দিকে যাওয়ার পথে গাড়িটি নষ্ট হয়ে গেলে স্থানীয়দের সহযোগিতায় সেটি ঠেলে বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত নেওয়া হয়।

স্থানীয়দের ধারণা, হত্যার পর ওই গাড়িতে করেই মরদেহটি এনে নদীতে ফেলে যাওয়া হয়ে থাকতে পারে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো মরদেহের পরিচয় জানা যায়নি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 7

আরো পড়ুন