Ridge Bangla

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের ৮৫ যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে যাত্রীদের উদ্ধার করে অন্য একটি লঞ্চে স্থানান্তর করা হয়।

জানা গেছে, শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে পদ্মা নদীর মাঝামাঝি কুশিহাটা চরে লঞ্চটি আটকে যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এরপর ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে এমভি চিশতিয়া নামের অন্য একটি লঞ্চে তোলা হয়। নৌ পুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে ১১টার দিকে সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘জাতীয় পরিষেবা ৯৯৯-এর মাধ্যমে আমরা সংবাদ পাই দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি লঞ্চ ৮৫ জন যাত্রী নিয়ে একটি চরে আটকা পড়েছে। পরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে আরেকটি লঞ্চে তুলে দেওয়া হয়।’

This post was viewed: 1

আরো পড়ুন