Ridge Bangla

পদ্মায় ধরা ১১ কেজির বিরল ঢাই মাছ বিক্রি হলো ৫৯ হাজার ৪০০ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় একটি ঢাই মাছ। ১১ কেজি ওজনের মাছটি শেষ পর্যন্ত ৫৯ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মাছটি ধরা পড়ে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

পরে মাছটি বিক্রির জন্য গোয়ালন্দের ইউনুস মণ্ডলের আড়তে আনা হয়। সেখানে ওজন করে মাছটির ওজন ১১ কেজি পাওয়া যায়। উন্মুক্ত নিলামে প্রতি কেজি ৫ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৮ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট শাহজাহান শেখ জানান, মাছটি কেনার পর দেশের বিভিন্ন স্থানের সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে অনলাইনের মাধ্যমে সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর চৌধুরীর কাছে প্রতি কেজি ৫ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৯ হাজার ৪০০ টাকায় মাছটি বিক্রি করেন। পরে মাছটি চট্টগ্রামে ওই প্রবাসীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, পদ্মা নদীতে ঢাই মাছ এখন খুবই বিরল। এ ধরনের বড় আকারের মাছ ধরা পড়ার ঘটনা এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

This post was viewed: 3

আরো পড়ুন