দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কাছে মনোনয়ন চেয়েছেন এবং এ বিষয়ে তিনি আশাবাদী।
বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত আপিলের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি দেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বিএনপির কাছে নমিনেশন চেয়েছি এবং বিশ্বাস করি দল আমাকে সেই সুযোগ দেবে।
এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় নিয়ে তিনি সমালোচনা করে বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন। একটি বিশেষ দলকে রাজনৈতিক সুবিধা দিতে গিয়েই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়, যা রাষ্ট্রপক্ষ হিসেবে আমাদের মতে থাকা উচিত নয়।
প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।