Ridge Bangla

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিরেগু ইশিবা

অবশেষে পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মধ্যে বিভক্তি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি-নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলে চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। ইশিবা দাবি করেছেন, তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে।

দেশের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে, প্রধানমন্ত্রীকে তার দলের বেশিরভাগ ডানপন্থি বিরোধীদের কাছ থেকে পদত্যাগের আহ্বান জানানো হয়। যারা তাকে জুলাইয়ের ভোটের ফলাফলের দায় নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান। আল জাজিরার খবরে বলা হয়, জাপানের কৃষিমন্ত্রী এবং একজন সাবেক প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় ইশিবার সঙ্গে দেখা করে তাকে পদত্যাগ করতে রাজি করান। এই ঘটনাগুলো ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি গাড়ি আমদানির ওপর শুল্ক ২৭ দশমিক ৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাত্র কয়েক দিন পর।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিয়ে ভোটারদের উদ্বেগ এসব পরাজয়ের মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। আর এর ফলে ইশিবা সরকারের নীতি বাস্তবায়ন অনেক কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর এখনো পদত্যাগের খবর নিয়ে কোনো মন্তব্য করেনি।

তার সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন রক্ষণশীল নেতা সানা তাকাচি। তিনি গত বছরের নির্বাচনে অল্প ব্যবধানে ইশিবার কাছে হেরে ছিলেন। আরও রয়েছেন বর্তমান কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি। তিনি দীর্ঘদিন ধরে জাপানের রাজনীতির সঙ্গে যুক্ত এক প্রভাবশালী পরিবারের সদস্য।

This post was viewed: 33

আরো পড়ুন