Ridge Bangla

পটল ক্ষেত থেকে ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার

নওগাঁর বদলগাছী উপজেলায় জমি খননের সময় বিপুল পরিমাণ পুরোনো গুলি উদ্ধার হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া গ্রামের একটি পটল ক্ষেতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্গাচাষি জইদুল ইসলাম জমিতে জাল দেওয়ার উদ্দেশ্যে খুঁটি বসানোর সময় মাটির নিচে শক্ত কিছু অনুভব করেন। পরে খনন করে একটি ক্ষতিগ্রস্ত কাঠের বাক্সের ভেতরে বিপুল সংখ্যক গুলি দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়।

পরে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া গুলিগুলোর বেশিরভাগই মরিচাধরা ও পুরোনো অবস্থায় ছিল।

স্থানীয় মুক্তিযোদ্ধারা গুলির ধরন ও অবস্থা দেখে ধারণা করছেন, এগুলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে, যা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে চাপা ছিল।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধরন ও জরাজীর্ণ অবস্থা দেখে মনে হচ্ছে, এগুলো অনেক পুরোনো। গুলিগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

This post was viewed: 18

আরো পড়ুন