আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনি প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানা ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট ও ছোট ভাই নওফেল জমির একটি ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চগড় সদর থানার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমিয়া কেরাতুল কোরআন মাদরাসার সামনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের একটি নির্বাচনী ব্যানারে ৩১ জানুয়ারি রাতে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করেন।
একই রাতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড়ে অজ্ঞাত ব্যক্তিরা দাহ্য পদার্থ ছিটিয়ে একটি নির্বাচনী ব্যানারে আগুন দেয়, ফলে ব্যানারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসাজনিত বলে দাবি করা হয়।
এ ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু এবং বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ আলী সরকার পৃথকভাবে থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি সংবাদ সম্মেলনে জানানো হয়, যেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।