Ridge Bangla

নোয়াখালীর বিআরটিসি ডিপোতে দুই বাসে আগুন

নোয়াখালীর সোনাপুরে বুধবার (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়লে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট খবর পাওয়ার ১০–১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ‘গুলবাহার’ ও ‘মালতি’ নামের দুটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। অন্য একটি বাস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোনাপুর বিআরটিসি ডিপোর ম্যানেজার মো. আরিফুর রহমান তুষার বলেন, “আজই আমার বদলি হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও শেষ। আমি ধারণা করি, বদলি ঠেকাতে পরিকল্পিতভাবেই এই অপকর্ম করা হয়েছে। এটি স্থানীয় সাধারণ মানুষের কাজ নয়।”

তিনি আরও বলেন, সহকর্মীরা অত্যন্ত ভালো। সাধারণ মানুষ সবসময় সহযোগিতা করেছে। রাজনৈতিক অস্থিরতার সময়েও কোনো সমস্যা হয়নি। তাই এটি পরিকল্পিত নাশকতা ছাড়া কিছু নয়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ জানান, রাত ২টা ৪০ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাওয়া হয় এবং ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, দুটি বাস সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, একটি আংশিক। আগুনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

This post was viewed: 47

আরো পড়ুন