নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা এবং জনারদনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় জনারদন তার ছেলে ও আরও একজনকে নিয়ে নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে রবিউল হোসেন বর্তমানে আশঙ্কামুক্ত থাকলেও জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, প্রতিকূল আবহাওয়ার সময় নদী বা খোলা স্থানে যাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ায় এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে এবং আরও দুইজন আহত হয়েছেন।