Ridge Bangla

নেত্রকোনায় বিএনপির ঊনত্রিশ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির ঊনত্রিশ নেতাকর্মীর নাম উল্লেখ করে আদালতে মামলা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মামলায় অজ্ঞাত আরও বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার নেত্রকোনা আদালতে মামলাটি করেন পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদুল হক আকন্দ।

মামলার তথ্য অনুযায়ী, চলতি বছরের বিশ মে উপজেলা পরিষদ হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে নিলাম চলার সময় প্রথম দফায় হামলার ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় একই দিন বিকেলে আগিয়া বাজার এলাকায় আবারও সংঘর্ষ হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করে গুরুতর আহত করেন। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়।

বাদীপক্ষের অভিযোগ, হামলার সময় কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

আদালত অভিযোগটি গ্রহণ করে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে পূর্বধলা থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে বাদীপক্ষ।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কাগজপত্র পাওয়া যায়নি। আদালতের নির্দেশনা বা সংশ্লিষ্ট নথি থানায় পৌঁছালে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বিশ মে অস্থায়ী পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। ওই ঘটনায় পঁচিশ মে পূর্বধলা থানায় জামায়াতের নায়েবে আমির ও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তেত্রিশজনের নাম উল্লেখ করে মামলা করেন আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. উমর শরীফ।

This post was viewed: 2

আরো পড়ুন