নেত্রকোনার পূর্বধলায় দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন, যাদের মধ্যে একজন নারী রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ কোতোয়ালি থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। আহতদের মধ্যে শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) এবং একজন অজ্ঞাত নারী রয়েছেন। তাদেরকে তৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময়ে বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে সড়কের উপর দাঁড়িয়ে ছিল। ময়মনসিংহ থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটি ট্রাকটি সময়মতো দেখতে না পেরে সরাসরি ট্রাকের পেছনের অংশে ধাক্কা মারে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান।
শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ সড়কে নিরাপত্তা জোরদারের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।