ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কঠিন এবং তিনি অনেক সময় অতিরিক্ত আগ্রাসী অবস্থান নেন বলে ব্যক্তিগত উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনায় ট্রাম্প মন্তব্য করেছেন, নেতানিয়াহুকে নিয়ন্ত্রণ করা কারও পক্ষেই সহজ নয় এবং তিনি সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান।
তবে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, ব্যক্তি হিসেবে নেতানিয়াহুকে তিনি চমৎকার মনে করেন। তবে তার মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী মাঝেমধ্যে আবেগের কারণে অনেক দূর এগিয়ে যান।
মার্কিন প্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপগুলোতে প্রায়ই নতুন সামরিক অভিযান পরিচালনার বিষয় উঠে আসত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বারবার একই ধরনের অনুরোধ আসায় সময়ের সঙ্গে সঙ্গে ট্রাম্প কিছুটা বিরক্ত হয়ে পড়েছিলেন।
হোয়াইট হাউসের ভেতরের পরিস্থিতি তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, ‘বিবি মূলত প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেন যে কেন তাকে কোনো কিছু বোমায় উড়িয়ে দিতে হবে এবং কেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো এটি করার সঠিক উপায় ও উপযুক্ত সময় সম্পর্কে ভালোভাবে জানে এবং প্রেসিডেন্ট মনোযোগ দিয়ে তা শোনেন।’
ওই কর্মকর্তার দাবি, দুই নেতার মধ্যকার ফোনালাপগুলো প্রায় একই ধরনের হতো এবং সেখানে ইসরায়েলের কঠোর সামরিক অবস্থানের বিষয়টি বারবার উঠে আসত।