ইরানের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে- প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এমন দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তার অভিযোগ, সাধারণ ইসরায়েলিদের মধ্যে ভয় সৃষ্টি করতেই এমন বক্তব্য দিয়ে আসছেন নেতানিয়াহু।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহরোনোতের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেন গাদি আইজেনকট। সেখানে তিনি বলেন, “নেতানিয়াহু জঘন্য মিথ্যা কথা বলেন। ইরানের কাছে কখনো পারমাণবিক বোমা ছিল না। তিনি সাধারণ ইসরায়েলিদের ভীত করতে এসব কথা বলেন।”
বর্তমানে গাদি আইজেনকট ইসরায়েলের বিরোধী দল ইয়াশার পার্টির প্রধান। তার এই মন্তব্য আসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাম্প্রতিক এক বক্তব্যের পর।
গত বুধবার সংবাদমাধ্যম চ্যানেল-১৪-কে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন, ইরানের কাছে পারমাণবিক বোমা ছিল এবং সেগুলো ব্যবহার করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করা হয়েছিল। তিনি বলেন, “আমি ইরানে দুইবার প্রবেশ করেছি (হামলা চালিয়েছি) ইসরায়েলকে নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাতে। ইরানের কাছে ইতিমধ্যে যেসব পারমাণবিক অস্ত্র ছিল সেগুলো দিয়ে তারা আমাদের নিশ্চিহ্ন করে দিত।”
নেতানিয়াহুর ওই বক্তব্যের পরই গাদি আইজেনকট প্রকাশ্যে দাবি করেন, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি সত্য নয়।
এদিকে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এর লক্ষ্য কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়।