নীলফামারীতে কানাডিয়ান জাল ভিসা, জাল কারেন্সি ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ একটি ভিসা জালিয়াতি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
রোববার বিকেলে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কাঠগারী পণ্ডিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সফিকুর ইসলামের ছেলে সজিব ইসলাম (২০), জসিম উদ্দিনের ছেলে মামুন ইসলাম (২০), সানারুল ইসলামের ছেলে লাবু ইসলাম (২০), জহির উদ্দিনের ছেলে নুরুন্নবী ইসলাম (৩২) এবং জহুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৯)। তাঁরা সবাই চাঁদখানা ইউনিয়নের কাঠগারী পণ্ডিতপাড়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাঁদের বাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানকালে তাঁদের কাছ থেকে কানাডিয়ান জাল ভিসা, জাল পাসপোর্ট, জাল কারেন্সি, অনলাইন লটারি কার্ড, ৩টি স্মার্টফোন, একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবর রহমান বলেন, শনিবার রাতে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।