Skip to main content

Ridge Bangla

নিহতের মরদেহ উদ্ধার করতে গিয়ে স্তব্ধ পুলিশ সদস্য, ছেলেটি ছিল তার নিজের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে গিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্য জানতে পারেন, নিহত শিশুটি তারই ছেলে।

শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন (১০) ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তুহিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান কনস্টেবল সামসুল। তখনও তিনি জানতেন না, যে শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে যাচ্ছেন, সেটি তার নিজের সন্তানের।

ঘটনাস্থলে পৌঁছে ছেলের নিথর দেহ দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সহকর্মী ও স্থানীয়রা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। হৃদয়বিদারক এ দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, কনস্টেবল সামসুল দুর্ঘটনার সংবাদ পেয়ে দায়িত্ব অনুযায়ী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি তাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

তিনি আরও জানান, নিহতের মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

This post was viewed: 15

আরো পড়ুন