বরিশালের গৌরনদী উপজেলায় মাদকের বিস্তার রোধ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যার পর আড্ডা দেওয়ার অভিযোগে ১২ তরুণকে আটক করা হয়। বুধবার (১১ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করে স্থানীয় প্রশাসন।
দীর্ঘদিন ধরে গৌরনদীর বিভিন্ন এলাকায় মাদক সেবন ও বখাটেপনার অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। সন্ধ্যার পর স্কুল-কলেজ প্রাঙ্গণ ও রাস্তার মোড়ে আড্ডার আড়ালে মাদকাসক্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় নড়েচড়ে বসে উপজেলা প্রশাসন। বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিস্তারিত আলোচনার পর কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনার আগে বুধবার বিকেল থেকেই পুরো উপজেলাজুড়ে মাইকিং করা হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে, সন্ধ্যার পর শিক্ষার্থী বা অপ্রাপ্তবয়স্ক কেউ পার্ক, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হোটেলের আড্ডায় অংশ নিতে পারবে না। এই নির্দেশনার মূল লক্ষ্য ছিল তরুণ সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করা।
নিষেধাজ্ঞা কার্যকর করতে বুধবার সন্ধ্যায় মাঠে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। পুলিশের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় নিয়ম ভেঙে আড্ডা দেওয়ার অপরাধে ১২ জনকে আটক করা হয়।
আটকদের তাৎক্ষণিকভাবে শাস্তি না দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নেওয়া হয় এবং ভবিষ্যতে এমন কাজ করবে না, এই শর্তে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।