নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে রাজধানী ঢাকায় উত্তাপ সৃষ্টি না হলেও দেশের বিভিন্ন জেলায় নাশকতার ঘটনা ঘটিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। শুক্রবার সরকারি ছুটির দিনে ঢাকার সড়ক ছিল প্রায় স্বাভাবিক, তবে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিল কঠোর নজরদারিতে। অন্যদিকে সাভার, আখাউড়া, বরগুনা ও কিশোরগঞ্জে সড়কে টায়ার জ্বালানো, যানবাহনে অগ্নিসংযোগসহ বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটে।
সাভারের আশুলিয়ায় ভোররাতে একটি পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাত সাড়ে ৩টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে স্লোগান দেয়। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তারা কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি।
বরগুনার আমতলীতে পার্কিংয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জের নিকলীতে নদীর ঘাটে বাঁধা একটি যাত্রীবাহী ট্রলারে আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা।
অপরদিকে রাজধানীতে নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন শ্রমিক লীগ ও ছাত্রলীগের সাবেক পদধারীও রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঘনিয়ে আসায় আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।