মোবাইল আর্থিক সেবাদানকারী একটি প্রতিষ্ঠান সম্প্রতি তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে পরিচয় করিয়েছে। এর আগে অভিনেতা আফরান নিশোকে নিয়েই সামাজিক মাধ্যমে সৃষ্টি হয়েছিল ‘নতুন মুখ’ সংক্রান্ত সাসপেন্স।
প্রচারণার ভিডিওতে দেখা যায়, আফরান নিশো মেকআপ রুমে উত্তেজিত অবস্থায় বলছেন, এতকিছুর পরও নিউ ফেস! এরপর অন্ধকার করিডোরে তিনি প্রশ্ন তুলেন, কে এই নিউ ফেস? তার সঙ্গে দেখা হবে ফেস টু ফেস! ঠিক সেই মুহূর্তে করিডোরের অন্য প্রান্ত থেকে প্রবেশ করেন হামজা চৌধুরী, জার্সিতে স্পষ্টভাবে লেখা ‘HAMZA’। দর্শকরা মুহূর্তে বুঝতে পারেন, আফরান নিশোকে নিয়ে যে রহস্য সৃষ্টি হয়েছিল, তা মূলত নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে পরিচয় করানোর একটি সৃজনশীল প্রচারণা।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামজা চৌধুরীর বাংলাদেশের ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ক্রমবর্ধমান প্রভাবই তাকে নির্বাচনের মূল কারণ। প্রতিষ্ঠানটি আশা করছে, এই প্রচারণা নতুন প্রজন্মের কাছে তাদের ব্র্যান্ডকে আরও প্রাসঙ্গিক ও আকর্ষণীয় করে তুলবে।
বহুল আলোচিত এই ভিডিও প্রচারণা সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। আফরান নিশো ও হামজা চৌধুরীর মুখোমুখি দৃশ্য দর্শকদের মধ্যে আগ্রহ এবং উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষভাবে ক্রীড়া ও বিনোদন প্রেমীদের মধ্যে এই সৃজনশীল প্রচারণা ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।