Skip to main content

Ridge Bangla

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: সেনাপ্রধান

সদ্যসমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, দায়িত্বশীলতা ও দক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালন করায় সেনাসদস্যদের ভূমিকাই একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সেনা সদরে অনুষ্ঠিত সেনাপ্রধানের দরবারে তিনি এসব কথা বলেন। এতে ঢাকার বাইরে অবস্থানরত সেনাসদস্য এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অংশগ্রহণ করেন।

দরবারে সেনাপ্রধান সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনকে ‘গ্রহণযোগ্য ও সুষ্ঠু’ হিসেবে উল্লেখ করে বলেন, সৈনিকদের দায়িত্বশীলতা ও দক্ষতার কারণেই নির্বাচনের ফলাফল ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় কর্মকর্তা ও সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর এই অবদান মনে রাখবে। উল্লেখযোগ্য কষ্ট সহ্য করার পর নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সেনাপ্রধান আরও জানান, সেনাসদস্যরা কখন ব্যারাকে ফিরবেন, তা সরকারের সিদ্ধান্ত এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে। পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগতে পারে।

This post was viewed: 32

আরো পড়ুন