প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তিগুলো সক্রিয় হতে পারে। এটি ছোটখাটো কোনো তৎপরতা নয়, পরিকল্পিতভাবে বড় আকারে নির্বাচন ব্যাহত করার চেষ্টা হবে। তবে যত চ্যালেঞ্জই আসুক, তা মোকাবিলা করেই নির্বাচন সম্পন্ন করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সভা-পরবর্তী ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন, নির্বাচনের আগে ও চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হবে। দেশের ভেতর-বাহির থেকে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য, ভুয়া ভিডিও ও এআই প্রযুক্তিনির্ভর ছবি ছড়ানোর চেষ্টা হতে পারে। তিনি নির্দেশ দিয়েছেন, এসব অপপ্রচার শুরু হতেই দ্রুত প্রতিরোধ করতে হবে, যাতে তা ছড়িয়ে না পড়ে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি জরুরি। নির্বাচনী বিধি, ভোটদানের পদ্ধতি ও শৃঙ্খলা রক্ষার নিয়ম সম্পর্কে ভোটারদের জানাতে হবে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করতে, যা ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত প্রচার করা হবে। যাতে সাধারণ মানুষ এগুলো দেখে নিজেদের প্রস্তুত করতে পারেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।