ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে রাজনৈতিক সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে অবস্থিত নাহিদের বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান নাহিদ ইসলাম।
এ সময় তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ও সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে একই দিন সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সেখান থেকে সরাসরি নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হন তিনি।
সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এরই ধারাবাহিকতায় সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে দলটি। নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন বিএনপি চেয়ারম্যান, যা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পারস্পরিক সংলাপ ও সহযোগিতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।