Ridge Bangla

নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ১৯ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক প্রস্তুতি ও করণীয় নির্ধারণে বৈঠকে বসতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটি।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হবে।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বিশেষ অভিযান পরিচালনা এবং সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

সভায় আলোচ্যসূচির মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। একই সঙ্গে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ নিয়েও আলোচনা করা হবে।

এছাড়া সভায় জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড, তদন্তের অগ্রগতি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। মাদকের অপব্যবহার রোধ এবং দেশে অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিয়েও আলোচনা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর অপতৎপরতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্র জমা অভিযান পরিচালনা বিষয়েও সভায় আলোচনা হবে।

এছাড়া গার্মেন্টস ও শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিতকরণ, শিল্প এলাকায় সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ, সীমান্ত ও পার্বত্যাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতিও সভার গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির অন্তর্ভুক্ত থাকবে।

This post was viewed: 33

আরো পড়ুন