আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি।”
রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীতে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১৫তম সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে কিছু সমস্যার সমাধান করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “পদায়ন বা বদলির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম করা হচ্ছে না। যদি কোথাও এমন কিছু ঘটে, সাংবাদিকরা তা নির্ভয়ে প্রকাশ করুন। সরকার সেসব বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।”
সিমকার্ড-সংক্রান্ত অপরাধ প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অনেক অপরাধ ঘটে অন্যের নামে রেজিস্টার করা সিমকার্ড ব্যবহার করে। এতে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়ে যায়। তাই একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিমকার্ড নিজের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নির্বাচনের আগে এই উদ্যোগ কার্যকর করা হবে, যাতে অপব্যবহার রোধ ও নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা যায়।