Ridge Bangla

নির্বাচনে পরাজয়ের পর প্রথম কর্মসূচিতে মমতা, বিজেপিবিরোধী আন্দোলনের ঘোষণা

নির্বাচনে পরাজয়ের পর দীর্ঘ নীরবতা ভেঙে প্রথমবারের মতো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি বিজেপির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং রাজ্যের ক্ষমতা থেকে দলটিকে সরানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জনসমক্ষে খুব একটা দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি নিজ বাসভবনেই অবস্থান করছিলেন। এ সময় দলের ভেতরে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করে। বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলরদের কেউ কেউ তৃণমূল কংগ্রেস ছাড়েন। দুর্নীতির অভিযোগে কয়েকজন নেতাও গ্রেপ্তার হন।

মঙ্গলবার কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে আয়োজিত তৃণমূল কংগ্রেসের অবস্থান কর্মসূচিতে যোগ দেন মমতা। নির্বাচন-পরবর্তী সহিংসতা, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ, পরীক্ষায় জালিয়াতির অভিযোগ এবং বিজেপি সরকারের প্রতিহিংসামূলক আচরণের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত হয়ে হ্যান্ডমাইকে বক্তব্য দেন তৃণমূল নেত্রী। বক্তব্যের শুরুতে তিনি বলেন, “আমাকে এখানে মাইক ব্যবহার করতে দেয়নি পুলিশ। তাই হ্যান্ডমাইকে বলতে হচ্ছে।”

নির্বাচনের ফলাফল নিয়েও আপত্তি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, “ভোটে কারচুপি করে জিতেছে বিজেপি।” তিনি আরও বলেন, এই ফলাফল তিনি মেনে নেন না এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে তার আন্দোলন অব্যাহত থাকবে।

This post was viewed: 5

আরো পড়ুন