আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহে কোনো বাধা দেয়া হবে না বলে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য, আর এ দায়িত্ব পালনে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে আয়োজিত ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা। সংবাদকর্মীরা অতীতের কিছু দুঃসহ অভিজ্ঞতা শেয়ার করে নির্বাচনকালীন সময়ে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তারা বিশেষভাবে মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় তথ্য উপদেষ্টা স্বীকার করেন, গত ১৫ বছরে গণমাধ্যম অনেকটা আস্থা হারিয়েছে। তিনি বলেন, এই আস্থা পুনরুদ্ধারের জন্য নির্বাচনকালীন সময়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা অত্যন্ত জরুরি। মাহফুজ আলম আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দিতে গিয়ে সহিংসতার শিকার হবে না—এ নিশ্চয়তা সরকার দিতে বদ্ধপরিকর। গণমাধ্যমও এই প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি গণমাধ্যমকে আহ্বান জানান, কোনো সহিংসতা ঘটলে শুধু ঘটনার বর্ণনা নয়, বরং এর মূল কারণ ও দায়-দায়িত্বও অনুসন্ধান করে প্রকাশ করতে হবে।