আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)। তারা ঘোষণা দিয়েছে, নির্বাচনের দিন কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানো হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রতিনিধিদলের প্রধান ও আইআরআই বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ক্রিস্টোফার জে. ফুসনার বলেন, “আমরা বাংলাদেশের নির্বাচনে একটি শক্তিশালী আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করব। সব দল নির্বাচনে অংশ নিতে চায়, এটা অত্যন্ত ইতিবাচক দিক।”
তিনি আরও বলেন, “গত নির্বাচনের তুলনায় এবারের পরিবেশ অনেক বেশি উন্মুক্ত ও আশাব্যঞ্জক। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনে সহিংসতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বৈঠকে আইআরআই প্রতিনিধি দল পূর্ববর্তী নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে নির্বাচনী সংস্কার, প্রশাসনিক নিরপেক্ষতা ও ভোটের স্বচ্ছতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন লিসা কার্টিস (সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক), জেসিকা কিগান (আইআরআইয়ের নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিশেষজ্ঞ), স্টিভ সিমা (আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর) এবং জেমি স্পাইকারম্যান (ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর)। প্রতিনিধিদল বর্তমানে নির্বাচনের পূর্ববর্তী রাজনৈতিক পরিবেশ মূল্যায়নের জন্য বাংলাদেশে অবস্থান করছে। সফরকালে তারা দেশের প্রধান সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে নির্বাচন প্রস্তুতি, সংস্কার ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে মতবিনিময় করবেন।