Ridge Bangla

নির্বাচনের পর ব্যারাকে ফিরে যাবে সেনাবাহিনী

দেশের জনগণের মতোই বাংলাদেশ সেনাবাহিনীও একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছে বলে জানিয়েছেন সেনা সদর দপ্তরের আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। তিনি বলেন, নির্বাচনের পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকা সেনানিবাসের মেস আলফায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “দেশের জনগণের মতো আমরাও চাই সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। এতে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারবে।”

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান জানান, সরকার যে নির্বাচনী রূপরেখা দিয়েছে, তার ওপর ভিত্তি করে সেনাবাহিনী যথাযথ প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সীমিত আকারে প্রশিক্ষণ কার্যক্রম চললেও নির্বাচনের সময় দায়িত্ব পালনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হলো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা। “আমরা বিশ্বাস করি, উই ট্রেইন অ্যাজ উই ফাইট। গত ১৫ মাস আমরা মাঠে আছি। যদি প্রয়োজন হয়, নির্বাচনের পরও কিছু সময় বাইরে থাকতে হতে পারে, যা আমাদের প্রশিক্ষণে প্রভাব ফেলছে।”

সেনা কর্মকর্তা আরও বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করেছে এবং প্রতিকূল পরিস্থিতিতেও পেশাদারিত্ব বজায় রেখেছে।

This post was viewed: 42

আরো পড়ুন