ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় নির্বাচনী ব্যয়ের হিসাব এখনো নির্বাচন কমিশনে (ইসি) জমা দেয়নি বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ২৫টি রাজনৈতিক দল। তবে জামায়াতে ইসলামীসহ আরও ২৫টি দল নির্ধারিত সময়ের মধ্যেই তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ২৫টি দল ব্যয়ের হিসাব জমা দেয়নি। তবে কমিশন চাইলে এই সময়সীমা আরও এক মাস পর্যন্ত বাড়াতে পারে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হয়। পরে শেরপুর-৩ আসনে ভোট হয় ৯ এপ্রিল। নির্বাচনে মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নেয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি রাজনৈতিক দলকে ভোটগ্রহণ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে ব্যয়ের পূর্ণ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় বিবরণী জমা না দিলে ইসি প্রথমে ৩০ দিনের নোটিশ দেয়।
আইনে আরও বলা হয়েছে, এরপরও হিসাব জমা না দিলে ১০ হাজার টাকা জরিমানার পর অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া যেতে পারে।