ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসন থেকে নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনিক সেবার বিকেন্দ্রীকরণ কার্যক্রম শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
নতুন সরকার গঠনের পাঁচ দিনের মধ্যেই তার নির্দেশনায় চকরিয়ায় প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে প্রস্তাবিত মাতামুহুরি উপজেলা এবং উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা নামে তিনটি পৃথক ইউনিয়ন গঠনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় প্রতিনিধিরা জানান, নির্বাচনের সময় চকরিয়া–পেকুয়াবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নতুন উপজেলা ও ইউনিয়ন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ মানুষকে দূর-দূরান্তে গিয়ে সেবা নিতে হবে না এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার জানান, মাতামুহুরি উপজেলা এবং নতুন তিনটি ইউনিয়ন গঠনের বিষয়ে মন্ত্রী জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসকের নির্দেশনায় সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে, যাতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা যায়।
সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রস্তাবিত মাতামুহুরি উপজেলার উদ্যোক্তা, উত্তর হারবাং, মালুমঘাট ও পহরচাঁদা এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।