Ridge Bangla

নির্বাচনী ট্রেনে উঠতে যাচ্ছে এনসিপি, নভেম্বরেই ১০০ আসনে প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তরুণ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এবার এককভাবে নয়, বরং সম্ভাব্য জোটের অংশ হিসেবেই নির্বাচনী লড়াইয়ে নামতে চায়। নভেম্বর মাসের মধ্যেই অন্তত ১০০টি আসনে প্রার্থী ঘোষণা করার প্রস্তুতিও নিচ্ছে তারা।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি, জামায়াত কিংবা তৃতীয় কোনো বিকল্প জোটের সঙ্গে আলোচনা চলছে এনসিপির। যদিও সাম্প্রতিক সময়ে জামায়াতের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ায় বিএনপির সঙ্গে সমঝোতার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। বিএনপির সঙ্গে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন উভয় দলের নেতারা।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “আমরা জোট বা সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেব। নভেম্বরে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।” দলের নির্বাহী সদস্যরা জানান, আগ্রহী প্রার্থীদের সাংগঠনিক সক্ষমতা যাচাই শুরু হয়েছে। এদিকে, আসন ভাগাভাগি নিয়ে দলটির ভেতরে মতবিরোধও দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, জোটে গেলে মাঠপর্যায়ে সমন্বয়ের জটিলতা তৈরি হতে পারে। তবুও দলীয় নেতৃত্ব আশাবাদী সংগঠন শক্তিশালী করে নির্বাচনে প্রভাব রাখবে এনসিপি।

একই সঙ্গে ‘শাপলা’ প্রতীক নিয়েও অনড় অবস্থানে আছে দলটি। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “শাপলা প্রতীক ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না।” দলটি ইতিমধ্যে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে এবং ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কাঠামো সম্পন্নের পরিকল্পনা নিয়েছে। এনসিপি বিশ্বাস করে, তরুণদের অংশগ্রহণে এবার তারা জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা আনবে।

This post was viewed: 57

আরো পড়ুন