আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটের প্রচারণায় পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি ড্রোন ব্যবহার এবং বিদেশে কোনো ধরনের প্রচারণা কার্যক্রম পরিচালনাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য ‘আচরণ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করে ইসি। এতে প্রচারণায় পরিবেশবান্ধব ব্যানার, বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যম ব্যবহারের অনুমতি দেওয়া হলেও যানবাহনসহ শোডাউন, মিছিল বা মশাল মিছিলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আচরণবিধি অনুযায়ী, নিষেধাজ্ঞা ভঙ্গ করলে গুরুতর অপরাধের ক্ষেত্রে প্রার্থিতা বাতিল করা যাবে। অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ক্ষেত্রেও সমপরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, প্রচার সামগ্রীতে পলিথিন বা রেকসিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে রাখতে হবে। প্রার্থীদের কাছ থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা নেওয়া হবে।
এছাড়া, গণমাধ্যমে প্রার্থীদের যৌথ সংলাপ আয়োজন, রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে একই দিনে সব প্রার্থীর ইশতেহার পাঠের নতুন বিধানও যুক্ত হয়েছে। নির্বাচনসংক্রান্ত যেকোনো প্রচারণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুল তথ্য, ঘৃণাত্মক বক্তব্য বা কারো চেহারা বিকৃত করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি।