দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের সংবর্ধনা মঞ্চে পৌঁছান তারেক রহমান। সেখানে উপস্থিত লাখো নেতাকর্মী ও সমর্থকের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে একজন মা কল্পনা করেন যে মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারবে এবং নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবে।
বক্তব্যের শুরুতে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, জনগণের দোয়া ও ভালোবাসায় তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে এসেছেন। তারেক রহমান বলেন, এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, আর সেই ত্যাগের মর্যাদা রক্ষা করাই সবার দায়িত্ব। গণসংবর্ধনা অনুষ্ঠানে দলের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা। চারপাশে স্লোগান, ব্যানার ও পতাকায় মুখরিত ছিল পুরো এলাকা।