Ridge Bangla

নিট প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলিউড অভিনেতা সালমান খান।

বুধবার (২২ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রশংসা করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। তিনি তাদের ‘সাহসী’ ও ‘বীর’ বলে অভিহিত করেন।

নিজের স্কুলজীবনের একটি পুরোনো ঝাপসা ছবি পোস্ট করে সালমান লেখেন, “প্রশ্নফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা।”

পোস্টে তিনি আরও বলেন, “এটি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যকার একটি বিষয়। এটিকে রাজনৈতিকভাবে ছিনতাই করা উচিত নয়। এর কৃতিত্ব শুধু আমাদের দেশের শিক্ষার্থীদেরই প্রাপ্য। আমি নিশ্চিত, সরকারও তাদের সব ধরনের সহযোগিতা করবে এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এটি সবার জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে। ইতিবাচক সিদ্ধান্তের আশা ও প্রার্থনা করছি। শিক্ষিত হতে চাওয়া তোমাদের সবার মঙ্গল হোক।”

পোস্টের শেষ অংশে সালমান খান বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থা এমন মানসম্পন্ন হওয়া উচিত, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকেও শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভারতে আসতে আগ্রহী হন।

এর আগে নিট প্রশ্নফাঁসবিরোধী এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে রয়েছেন ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখ। তারা প্রকাশ্যে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বানও জানিয়েছেন।

This post was viewed: 2

আরো পড়ুন