Ridge Bangla

নিজ জেলায় মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারা দেশে কীভাবে সফল হবেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে নাহিদের প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজ জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারা দেশের আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ কীভাবে সম্ভব হবে।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মাসব্যাপী ‘জুলাই’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের দলেরই একজন সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজের এলাকাতেই মাদক বন্ধ করতে না পারেন, তাহলে তিনি সারাদেশের মাদক কীভাবে বন্ধ করবেন। দেশের আইনশৃঙ্খলা কীভাবে নিশ্চিত করবেন।”

তিনি আরও বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলব, আগে কক্সবাজারে মাদক কারবার বন্ধ করুন। এরপর সারা বাংলাদেশের সব জায়গায় মাদক কারবারি বন্ধ করুন এবং দেশের আইনশৃঙ্খলা নিশ্চিত করুন।”

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এদিন কালীগঞ্জ থেকে ‘জুলাই পদযাত্রা’র সূচনা করা হয়।

সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

This post was viewed: 1

আরো পড়ুন