Ridge Bangla

নিজের নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম ও পদবি পরিবর্তন করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গত প্রায় দেড় বছর ধরে সরকারি নথিতে তিনি ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে নাম পরিবর্তনের বিষয়টি জানা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল ইয়াইর নেতানিয়াহু। তবে চলতি বছরের নথিতে একই পরিচয় নম্বরের বিপরীতে ‘ইয়োনাতান হান’ নাম পাওয়া গেছে।

গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ব্যাপক সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপ বাড়ার মধ্যেই তার ছেলের নাম পরিবর্তনের বিষয়টি সামনে এলো। তবে ইয়াইর কেন নিজের নাম ও বাবার পদবি পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা নেতানিয়াহু পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইয়াইরের ভিন্ন নামে পরিচিত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে ‘ইয়াইর হুন’ নামে পরিচয় দিয়েছেন। ‘হুন’ ছিল তার মা সারা নেতানিয়াহুর বাবা শমুয়েলের পারিবারিক পদবি। পরে ওই পদবি পরিবর্তন করে ‘বেন আর্টজি’ রাখা হয়।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশে একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি রয়েছেন। পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানারও মুখোমুখি তিনি।

নেতানিয়াহু পরিবারে নাম পরিবর্তনের ঘটনাও নতুন নয়। ইয়াইরের ভাই অ্যাভনার কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করে ‘আভি সেগাল’ রাখেন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, নজরদারি এড়াতে ওই নাম ব্যবহার করে ইংল্যান্ডের অক্সফোর্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহুও ১৯৮০-এর দশকে যুক্তরাষ্ট্রে বসবাসের সময় ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন। পরে তিনি জানিয়েছিলেন, সে সময় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থেকেই ওই নাম ব্যবহার করেছিলেন।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু পরিবারের নাম পরিবর্তনের ইতিহাস আরও পুরোনো। ১৯২০-এর দশকে পোল্যান্ড থেকে ঐতিহাসিক ফিলিস্তিনে এসে বসতি স্থাপনের পর নেতানিয়াহুর বাবা বেনজিয়ন মিলেইকোভস্কি নিজের পদবি পরিবর্তন করে ‘বেনজিয়ন নেতানিয়াহু’ রাখেন।

ইউরোপীয় নামের পরিবর্তে হিব্রু নাম গ্রহণের বৃহত্তর জায়নবাদী ধারার অংশ হিসেবেই সে সময় এমন নাম পরিবর্তনের প্রচলন ছিল। ইউরোপ থেকে আসা অনেক ইহুদি বসতি স্থাপনকারী নতুন হিব্রু নাম গ্রহণ করেছিলেন। ইসরায়েলের বেশ কয়েকজন নেতাও একই পথ অনুসরণ করেন। দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়ন পোল্যান্ডে ‘ডেভিড গ্রুয়েন’ নামে জন্মগ্রহণ করেছিলেন।

This post was viewed: 2

আরো পড়ুন