বলিউড তারকা আমির খানকে ঘিরে অফিসে হেনস্তার যে ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে, তা প্রথমে চমক জাগালেও পরে স্পষ্ট হয় এটি আসলে পরিকল্পিত রসিকতা ও প্রচার কৌশল। কৌতুকশিল্পী সুনীল গ্রোভার আমির খানের নিখুঁত অনুকরণ করে ছদ্মবেশে তাঁর প্রযোজনা সংস্থার অফিসে ঢুকে কর্মীদের সঙ্গে মালিকের মতো আচরণ করেন। এই অভিনব কাণ্ডই ভুল বোঝাবুঝির জন্ম দেয়, যা পরে মজার প্রচার হিসেবেই ধরা পড়ে।
আমির খানের সঙ্গে কাজের সূত্রে কৌতুকশিল্পী ও পরিচালক বীর দাস অফিসে এলে তিনি আমিরের মতো দেখতে সুনীল গ্রোভারকে দেখে বিভ্রান্ত হন। সেই সুযোগে সুনীল ‘আমির’ সেজে ছবির ভূয়সী প্রশংসা করেন ও আন্তর্জাতিক সাফল্যের আশ্বাস দেন। পরে আসল আমির খান চেম্বারে ঢুকলে পরিস্থিতি নাটকীয় হয়ে ওঠে। নিজের প্রতিরূপ দেখে বিস্মিত ও বিরক্ত আমিরের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা সুনীলকে অফিস থেকে বের করে দেন। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
আমির খান নিজের অফিসে অপমানিত হয়েছেন- এমন গুঞ্জন ছড়ালেও পরে স্পষ্ট হয়, ঘটনাটি আসলে আসন্ন ছবি ‘হ্যাপি পটেল’-এর প্রচার কৌশল। আমির নিজে প্রযোজক এবং বীর দাস পরিচালিত এই ছবির প্রমোশনে তিনি নিজের ভাবমূর্তিকেই রসিকতার বিষয় বানান। ভিডিও প্রকাশের পর সুনীল গ্রোভারের অভিনয় ও আমিরের অভিনব প্রচার পদ্ধতি নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক প্রশংসা ও আলোচনা শুরু হয়, যা আবারও প্রমাণ করে আলোচনায় থাকতে আমির খানের তুলনা নেই।