Ridge Bangla

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৩ যুদ্ধজাহাজ যুক্ত হলো ভারতের নৌবাহিনীতে

ভারতের নৌবাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরও ৩টি যুদ্ধজাহাজ যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেল্থ ফ্রিগেট, সারভে ভেসেল এবং সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান।

রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে যুদ্ধজাহাজগুলোর কমিশন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নৌবহরে যুক্ত হওয়া যুদ্ধজাহাজগুলো হলো আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় ও আইএনএস সংশোধক।

স্টেল্থ ফ্রিগেট আইএনএস দুনাগিরিতে আধুনিক সেন্সরের পাশাপাশি ব্রাহ্মোস সারফেস-টু-সারফেস ও সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গভীর সমুদ্র থেকে হাইড্রোগ্রাফিক তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে সারভে ভেসেল আইএনএস সংশোধক। এটি ভারতের প্রতিরক্ষা কার্যক্রমে ব্যবহার করা হবে।

এ ছাড়া সাবমেরিন বিধ্বংসী যুদ্ধযান আইএনএস অগ্রয়ে সংযোজন করা হয়েছে লাইটওয়েট টর্পেডো ও রকেট লঞ্চার।

নতুন যুদ্ধজাহাজ যুক্ত হওয়া উপলক্ষে নৌবাহিনী ও জাহাজ নির্মাণ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, আজ ভারত আর শুধু অস্ত্র ক্রেতা দেশ হিসেবে সীমাবদ্ধ নেই, এটি বিশ্বের বহু দেশের কাছে আধুনিক সমরাস্ত্র তৈরি ও বিক্রি করছে এবং নিজের দেশীয় শক্তিকে মজবুত করছে। আত্মনির্ভরতা এবং উন্নত ভারতের স্বপ্নই আমাদের অগ্রগতির মূল চাবিকাঠি।

This post was viewed: 3

আরো পড়ুন