কিশোরগঞ্জের নিকলীতে টিকটক ভিডিও ধারণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর মোনায়েম হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শনিবার রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মোনায়েম হোসেন কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এর আগে শনিবার দুপুর ১টার দিকে কারপাশা ইউনিয়নের নানশ্রী সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটক ভিডিও ধারণের জন্য সেতুর পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে উঠেছিলেন মোনায়েম। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের পানিতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, রাত ৯টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকে ডুবুরি দল মোনায়েমের মরদেহ উদ্ধার করে। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।