Skip to main content

Ridge Bangla

নারী কেলেঙ্কারি আড়াল করতেই তেল সংকটের গুজব ছড়ানো হয়, দাবি পানিসম্পদ প্রতিমন্ত্রীর

জামায়াতে ইসলামীর সাতক্ষীরার এক সংসদ সদস্যের নারী কেলেঙ্কারির ঘটনা আড়াল করতে পরিকল্পিতভাবে তেল সংকটের গুজব ছড়ানো হয়েছিল বলে দাবি করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, জামায়াতে ইসলামীর সাতক্ষীরার এমপির নারী কেলেঙ্কারির ঘটনা ঢাকতে তারা ফোনে ফোনে ম্যাসেজ দিয়ে তেলের পাম্পে লোকজন নিয়ে গিয়ে তেল সংকটের গুজব ছড়ায়।

বক্তব্যে তিনি নারীদের শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকার অনার্স পর্যন্ত মেয়েদের সব ধরনের সুযোগ-সুবিধা দেবে। তিনি বলেন, বর্তমান সময় এআইয়ের যুগ। এআই ব্যবহার করে আজকের কোনো অনুষ্ঠানকেও সমুদ্রে ভাসমান অবস্থায় দেখানো সম্ভব। তবে এর যেমন সুফল রয়েছে, তেমনি কুফলও আছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, আগের দিন আর নেই যে কুড়িতেই বুড়ি। মেয়েদের ভালোভাবে পড়াশোনা করতে হবে। ১০ বছরে আর বিয়ের সুযোগ নেই। পড়াশোনা ভালো করে করতে হবে, মেয়েদের চাকরির সুযোগ আছে।

অনুষ্ঠানে বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোয়েল রানা, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, ময়দানদিঘী দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আননূর ইসলাম বিপ্লব, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

This post was viewed: 2

আরো পড়ুন