Skip to main content

Ridge Bangla

নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চে ডেথ রেফারেন্স এবং সংশ্লিষ্ট আপিলগুলোর শুনানি অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।

বুধবার সুপ্রিমকোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এই বেঞ্চ আগামী রোববার থেকে কার্যক্রম শুরু করবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর স্বাক্ষরিত গঠনবিধিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আইন অনুযায়ী, অধস্তন আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হয়। এ জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানো হলে তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয় এবং শুনানির জন্য প্রয়োজনীয় পেপারবুক প্রস্তুত করা হয়। পাশাপাশি আসামিরা আপিল বা জেল আপিল করার সুযোগ পান।

সুপ্রিমকোর্টের তথ্য অনুযায়ী, গত এক দশকে ডেথ রেফারেন্স মামলার শুনানি শুরু হতে প্রায় পাঁচ বছরের বেশি সময় লেগেছে। বর্তমানে বিভিন্ন বেঞ্চে ২০১৮ সালে নথিভুক্ত হওয়া মামলার শুনানি চলছে।

সম্প্রতি পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর দ্রুত বিচার ও রায় কার্যকরের দাবি জোরালো হয়। এর প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতনের গুরুতর মামলাগুলোর নিষ্পত্তি ত্বরান্বিত করতে বিশেষ এই বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

This post was viewed: 32

আরো পড়ুন