Ridge Bangla

নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ থেকে প্রায় ৭ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ সপ্তম অবস্থানে থেকে নিজেদের টুর্নামেন্ট শেষ করেছে। ২৬ অক্টোবর, রোববার নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। রোববার ভারতের মুম্বাইতে বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ ওভার কাটিং করে ২৭ ওভারে নিয়ে আসা হয়। উক্ত ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৯ উইকেটে হারিয়ে ১১৯ রান তোলে। জবাবে ভারত ৮.৪ ওভারে বিনা উইকেটে ৫৭ রান করার পর আবারও বৃষ্টি খেলা থামিয়ে দেয়। পরে মুষলধারে বৃষ্টির কারণে মাঠে আর খেলা গড়ায়নি। ম্যাচে ফলাফল না হওয়ায় বাংলাদেশ ও ভারত উভয় দল ১ পয়েন্ট করে লাভ করে।

এই ফল নিয়ে বাংলাদেশের মোট পয়েন্ট হয় ৩, যা পাকিস্তানকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ মোট ৭টি ম্যাচ খেলেছে, এর মধ্যে ১টি ম্যাচে জয় লাভ করে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, আর বাকী ৫টি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে।

বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে গিয়েছিল অনেক প্রত্যাশা নিয়ে, বিশেষ করে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সহজেই জয় পাবে এমন ধারণা ছিল। সেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং একাধিক ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও হেরে যায়। শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থেকে তাদের বিশ্বকাপ অভিযান শেষ করে।

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন শারমিন আক্তার। ৭ ইনিংসে ৩৫.৩৩ গড়ে তিনি করেছেন ২১২ রান। টুর্নামেন্টে তার সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪ রান। টুর্নামেন্টে বল হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের মেয়েরা। ৭ ম্যাচে ৭ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রাবেয়া খান। ৪.৩১ ইকোনমিতে বোলিং করেছেন তিনি। টুর্নামেন্টে তার সেরা স্পেল ৩০ রানে ৩ উইকেট।

অপরদিকে পুরস্কারের দিক দিয়ে অংশগ্রহণ ফি, অবস্থান বোনাস এবং ১ ম্যাচ জয়ের সুবাদে বাংলাদেশের মেয়েরা এবারের আইসিসি নারী বিশ্বকাপ হতে প্রায় ৭ কোটি টাকা পাচ্ছেন।

This post was viewed: 69

আরো পড়ুন