Ridge Bangla

নারীদের জন্য দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা, নিয়োগ হবে এক লাখ স্বাস্থ্যকর্মী

দেশে নারীদের জন্য আলাদাভাবে দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা মানুষের কাছে সহজে পৌঁছে দিতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৮০ হাজার হবেন নারী।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নবনির্মিত ১০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। এ সময় ভার্চুয়ালি আরও ৯টি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদি সংস্কার ও আধুনিকায়নের লক্ষ্যে সারা দেশে ২০টি আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে দুটি হাসপাতাল নারীদের জন্য নির্ধারিত থাকবে। এসব হাসপাতালে স্তন ও জরায়ু ক্যানসারের চিকিৎসা, মাতৃস্বাস্থ্যসেবা, কিডনি ডায়ালাইসিস, পুনর্বাসন এবং সাধারণ চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত সেবা দেওয়া হবে।

তিনি জানান, বাকি ১৮টি হাসপাতাল হবে এক হাজার শয্যাবিশিষ্ট। আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি হাসপাতালে পাঁচটি করে উন্নত অ্যাম্বুলেন্স থাকবে। জরুরি রোগী পরিবহনে চারটি হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করার পরিকল্পনার কথা জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার নারী থাকবেন। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তে প্রাথমিক স্ক্রিনিং এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেবেন। গ্রাম ও শহরের সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্ন পরিবেশ, ময়লা-আবর্জনা ও রান্নাঘরের অস্বাস্থ্যকর অবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

জেলা সিভিল সার্জনকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে রোগীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা জরুরি। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের সার্বিক পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

হাসপাতালের পরিবেশ উন্নয়নের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যকে দায়িত্ব দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

This post was viewed: 1

আরো পড়ুন