Skip to main content

Ridge Bangla

নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিসহ সাত দফা দাবিতে নারায়ণগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে বিক্ষোভ করেছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বিক্ষোভে তারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতে জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪–এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়। অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার সময় সেখানে উপস্থিত শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা “হাদির ওপর গুলি কেন? প্রশাসন জবাব চাই“সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাদিকে গুলি করা প্রধান আসামিকে গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারীদের দাবি, রাজনৈতিক সহিংসতার ঘটনায় দায়ীদের দ্রুত বিচারের আওতায় না আনলে জনমনে আস্থার সংকট তৈরি হবে।

বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক এবং সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি জানান, হাদির ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে। যদিও এখনো হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি, তবে ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, হাদির সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

This post was viewed: 43

আরো পড়ুন